সাথী দাস, পুরুলিয়া, ৯ অক্টোবর: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পুজোর খরচের ৫০ হাজার টাকা উদ্যোক্তাদের হাতে তুলে দিল পুরুলিয়া জেলা পুলিশ। তুলে দেওয়া হল পুজোর নির্দেশিকা। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল পুজোর গাইড ম্যাপ। এছাড়া আজ পুরুলিয়া জেলা পুলিশ লাইনের কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার কয়েকটি শবর পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার এস সিলভা মুরগণ পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ রাখেন। কোভিড বিধি মেনে এবং সরকারি সাহায্যের অর্থে ৭৫ শতাংশ টাকা স্যানিটাইজেশন খাতে খরচ করার নির্দেশিকা স্পষ্ট করে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে জানিয়ে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু পুজো কমিটির উদ্দেশ্যে বলেন, কোভিড শেষ হয়ে যায়নি। পুজোর সময় আরও সতর্ক থাকতে হবে। সরকারি বিধি মেনে চলারও পরামর্শ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় মোট ৯৪৬ টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৬২৯ টি পুলিশ অনুমোদিত রয়েছে।


