উচ্চমাধ্যমিকে পাশের হারে রাজ্যে রেকর্ড গড়ল পুরুলিয়া জেলা

সাথী দাস, পুরুলিয়া, ১০ জুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে রেকর্ড গড়ল রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া। এতদিন পর্যন্ত পাশের নিরিখে রাজ্য তালিকায় নিচের দিকেই থাকতো। এবার সেই তকমা ঘুঁচে গেল। ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফলাফলে পুরুলিয়া জেলার পাশের হার ৯৩.২৭% যা, রাজ্যের মধ্যে চতুর্থ। পূর্ব মেদিনীপুর (৯৮.৪১%), পশ্চিম মেদিনীপুর (৯৬.৩৯%) এবং ঝাড়্গ্রামের (৯৩.৭৩%) পরই রয়েছে পুরুলিয়া। পুরুলিয়ার সাফল্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যখন ফলাফল ঘোষণা করছিলেন তখন এই জেলার প্রশংসা পেয়েছে। জেলার সাফল্যে গর্বিত শিক্ষক কুল।

পুরুলিয়া জেলার হুড়া চক্রের বিদ্যালয় পরিদর্শক বিকাশ মাহাত বলেন, “শতকরা পাশের হার ৮০ শতাংশের নিচে থাকত। শিক্ষার্থী, অভিভাবক এবং অবশ্যই শিক্ষক সমাজের আন্তরিক প্রচেষ্টার সার্বিক সাফল্য নজির গড়ল এবার। শুধু তাই নয়, এই জেলারই বাসিন্দা অথচ, অন্য জেলায় পড়াশোনা করে প্রথম দশে স্থান অধিকার করেছেন একাধিক।” পুরুলিয়া জেলার বাসিন্দা অথচ প্রতিষ্ঠিত এবং কর্মসূত্রে অন্যত্র থাকা ব্যক্তিরা জানান, এই সাফল্য সত্যিই গর্বের বিষয়। উচ্চ মাধ্যমিকে সাফল্য নিয়ে জেলায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন।

সার্বিকভাবে জেলার স্থানকে দুই কৃতী উঁচুতে নিয়ে যেতে সাহায্য করেছেন। রাজ্যের প্রথম দশে থাকা পুরুলিয়ার অর্পিতা পাল এবং রিয়াঙ্কা মাহাতো। পলাশকলা গোপালপুর হাই স্কুলের ছাত্রী অর্পিতার রাজ্যে অষ্টম তথা জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২%)। ন’পাড়া হাই স্কুলের ছাত্রী রিয়াঙ্কা মাহাত রাজ্যে দশম তথা জেলার দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮%)।

পুরুলিয়া জেলায় মোট নথিভুক্ত পরীক্ষার্থী ছিল ২৮৪৪৮ জন। তারমধ্যে পরীক্ষায় বসেছিলেন ২৭৬১৯ জন। পাশ করেছেন ২৫৭৫৯ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১৩২১৭ জন এবং ছাত্রীর সংখ্যা ১২৫৪২ জন। মোট পাশের হার – ৯৩.২৭ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৯৫.২৪% এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৯১.২৬%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *