বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দিল পুরুলিয়া জেলা বিজেপি

সাথী দাস, পুরুলিয়া, ৪ মে: দলের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দিল পুরুলিয়া জেলা বিজেপি। আজ দলীয় কার্যালয়ে বিজয়ী ৬ জনকে গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে দেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। পুরুলিয়া শহরের দুলমীতে জেলা সদর কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে দলের তেমন কোনও শীর্ষ নেতা ছিলেন না। তবে, রাজ্য ওবিসি মোর্চার সহ সভাপতি সুভাষ মাহাতো, পুরুলিয়া শহর মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী উপস্থিত ছিলেন। কোভিড পরিস্থিতিতে এই অনুষ্ঠান খানিকটা দায় সারা হয়ে যায়।

জেলার ৯ টি আসনের মধ্যে ৬ টিতে বিজেপি প্রার্থীরা জয়ী হন। পুরুলিয়া কেন্দ্রে সুদীপ মুখার্জি, রঘুনাথপুর থেকে বিবেকানন্দ বাউরি, বলরামপুর থেকে বানেশ্বর মাহাতো, কাশীপুর থেকে কমলাকান্ত হাঁসদা, পাড়া থেকে নদীয়ার চাঁদ বাউরি এবং জয়পুরে নরহরি মাহাতো জয়ী হন। আজ তাঁরা সবাই উপস্থিত ছিলেন।

বিজেপি জেলা সভাপতি জানান, “রাজ্যে ক্ষমতায় না এলেও জেলার স্বার্থে নির্বাচিতরা কাজ করে যাবেন এবং প্রতিশ্রুতি পূরণ করবেন।” বিজেপির হয়ে প্রথমবার বিধানসভায় যাচ্ছেন ৬ বিজেতা। যদিও এঁদের মধ্যে ২০১৬ সালে পুরুলিয়া কেন্দ্র থেকেই কংগ্রেস দল থেকে জয়ী হয়ে বিধানসভায় যান দল বদল করে গেরুয়া শিবিরে যোগ দেওয়া সুদীপ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *