থানায় থানায় বিক্ষোভ পুরুলিয়া জেলা বিজেপির, নেতৃত্বে সাংসদ জ্যোতির্ময়

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করল পুরুলিয়া জেলা বিজেপি। আজ পুরুলিয়া সদর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি ও অন্যান্য বিজেপি জেলা সংগঠকরা। তাঁরা এই হামলা ছাড়াও গত কয়েক বছরে নিহত বিজেপি নেতা কর্মীর তদন্তের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিন জেলার বিভিন্ন থানার সামনে দলীয় এই কর্মসূচি পালন করে বিজেপি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটার বুড়িহাটে নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ৷ তাঁর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়৷ পুলিশের ব্যারিকেড থাকা সত্বেও এই ঘটনা ঘটে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর উপর এই হামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি৷ এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বঙ্গ বিজেপি৷ রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি।

পুরুলিয়া শহর মন্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “পুরুলিয়া সদর থানায় কেন্দ্রীয় ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *