সাথী দাস, পুরুলিয়া, ২ জানুয়ারি: করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সতর্ক পুরুলিয়া জেলা প্রশাসন। সেই উদ্দেশ্যে আজ সকালে বিশেষ অভিযান চালায় প্রশাসনের একটি দল। জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত, অতিরিক্ত জেলা শাসক মুফতি শামিম শওকত সহ পুলিশ আধিকারিকরা পুরুলিয়া স্টেশনে গিয়ে যাত্রীদের ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। হাটে, বাজারে ক্রেতা বিক্রেতা, পথ চলতি মানুষকে একইভাবে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেন।
বেশ কয়েকটি রাজ্যে নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ। করোনাভাইরাসের ওমিক্রম রূপ ঘিরেও উদ্বেগ ক্রমশ দানা বাঁধছে এই রাজ্যে। এই পরিস্থিতিতে সজাগ পুরুলিয়া জেলা প্রশাসন, পুরসভা। ওমিক্রনের থাবা থেকে পুরবাসীকে সতর্ক করতে বিশেষ অভিযান করে পুরুলিয়া পুরকর্তৃপক্ষ। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মানার জন্য পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় করোনার প্রকোপ তুলনামূলকভাবে কম থাকলেও নিত্যদিন সংক্রমনের সংখ্যা বাড়ছে। আর সেই কারণে উদ্বেগ বাড়ছে জেলা প্রশাসনের।

আজকের অভিযান চলাকালীন জেলাশাসক রাহুল মজুমদার বলেন, “এখনও পর্যন্ত কোভিড নিয়ন্ত্রণে রয়েছে। তবে, তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি থেকে সতর্ক হতেই এই অভিযান চলছে। কোনও রকম গাফিলতি নয়, প্রতিহত করতে সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে।”

