সাথী দাস, পুরুলিয়া, ১৯ জুলাই: কোভিড মোকাবিলায় আজ থেকে পুরুলিয়ার হোটেলে ব্যবসায়ে নয়া নির্দেশিকা জারি করলো পুরুলিয়া জেলা প্রশাসন। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন অথবা কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছাড়া হোটেলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। নিয়ম না মানলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলাশাসক রাহুল মজুমদার।

করোনা আবহে প্রায় ২ বছর ধরে ভাটা পড়েছে পুরুলিয়া জেলার পর্যটন শিল্পে। এর জেরে মার খাচ্ছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হোটেল ব্যবসা। পরিস্থিতির শিকার হয়ে মাথায় হাত পড়েছে হোটেল মালিকদের। আর তাই ব্যবসা ধরে রাখতে রাজ্য সরকারের সহায়তা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন তারা। যদিও করোনার দ্বিতীয় ঢেউ পার করে কিছু পর্যটক পা বাড়াচ্ছে পুরুলিয়ায়। কিন্তু হোটেলে প্রবেশের ক্ষেত্রে জেলা প্রশাসনের করোনা বিধিনিষেধ জারি থাকায় সমস্যায় পড়েছেন তারা। একদিকে রাজ্যে কোভিড ভ্যাকসিন পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হাতে গোনা কয়েকটি জায়গায় হচ্ছে করোনা টেস্ট। তার উপর একের পর এক নির্দেশিকা জারি। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অথবা কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছাড়া হোটেলে প্রবেশ নিষেধ। সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। ক্ষতির মুখে পড়ছে হোটেল ব্যবসা। জেলা প্রশাসনের নির্দেশিকা শিথিল করার আর্জি জানিয়েছেন হোটেল ম্যানেজার, হোটেল মালিক থেকে সাধারণ মানুষ।

