প্রতারণার অভিযোগে বারাসাত থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ২৮ নভেম্বর: টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করলো পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল রাতে ওই মহিলাকে বারাসত থেকে গ্রেফতার করে পুরুলিয়ায় নিয়ে আসা হয়। আজ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত ওই মহিলার নাম রেবা দাস। বয়স ৩৪ বছর। তাঁর বাড়ি বারাসতের হরিহরপুর রেল বস্তি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার বাসিন্দা কৃষ্ণপদ মাহাতো নামে এক ব্যক্তির কাছ থেকে তিন মাস ধরে টাওয়ার বসানোর নামে দফায় দফায় তিন লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণা করা হয়। দুটি অ্যাকাউন্টে ধাপে ধাপে ওই টাকা দেওয়া হয়। গত ২৮ জুলাই ২০২২ তারিখ কৃষ্ণপদ মাহাতো সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অবশেষে রেবা দাস নামে এক মহিলাকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজ চলাচ্ছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

এর আগেও টাওয়ার বসানোর নাম করে কেন্দা থানার কুদা গ্রামের এক বাসিন্দার কাছ থেকে ৩৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ১৩ মে সল্টলেক থেকে এক মহিলা সহ ২৯ জনকে গ্রেফতার করেছিল সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *