পুরুলিয়া শহরের কার্টিন পাড়ায় কল আছে পর্যাপ্ত জল নেই, ক্ষোভে রাস্তায় মহিলারা

সাথী দাস, পুরুলিয়া, ২৭ আগস্ট: দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডে। এরই প্রতিবাদে এদিন পথে নামলেন কাটিনপাড়া এলাকার মহিলারা।

তাঁদের মধ্যে শামীমা বিবি, পান্না কুম্ভকারের অভিযোগ, প্রায় দু’ সপ্তাহের বেশি সময় ধরে এই এলাকায় দিনে একবার মাত্র এক ঘন্টা পানীয় জল সরবরাহ করা হয়। এলাকায় রয়েছে ৮০০ -এর বেশি পরিবার। এই অবস্থায় পর্যাপ্ত জল না মেলায় দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হয় আমাদের। এলাকায় যে কয়েকটি নলকূপ রয়েছে সেগুলো থেকে উপযুক্ত জল মেলে না। আবার কোনোটি বিকল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তাই সমস্যা চরমে এসে ঠেকেছে এলাকাবাসীর।”

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ২২ নম্বর ওয়ার্ডের কাটিনপাড়ার মহিলারা।

এলাকাবাসীদের দাবি, দিনে অন্তত দু’বার পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং বাড়ি বাড়ি জলের সংযোগ দিতে হবে।

যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর আনোয়ারি বিবি সমস্যার কথা মেনেও নিয়েছেন। তবে কাউন্সিলর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *