‘নবান্ন চলো’ অভিযানের জোর প্রস্তুতি পুরুলিয়া বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর: দলীয় ‘নবান্ন চলো’র প্রস্তুতি এখন তুঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির। জেলাজুড়ে সাংগঠনিক সভা, দেওয়াল লিখন করে প্রচার করছেন জেলা বিজেপি নেতৃত্ব। জেলা স্তরে নয়, বুথ, মন্ডল স্তরে ছোট ছোট সভা চার দেওয়ালের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। শুধু নবান্ন অভিযানে অংশ নিতে নয়, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কর্মী নেতাদের চাঙ্গা করতে উদ্যোগী হয়েছেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা। আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরের দুই মন্ডলের পদাধিকারী ও সাংগঠনিক নেতাদের নিয়ে। তার আগে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনে অংশ নেন জেলা সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।

পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের সভাপতি বলেন, “বেশ কিছু জনবহুল স্থানে, মহল্লায় নবান্ন অভিযানে অংশ নেওয়ার জন্য প্রচার মূলক দেওয়াল লিখন করা হয়।” জেলা সভাপতি বলেন, “১৩ সেপ্টেম্বর পুরুলিয়া থেকে ৫ হাজার কর্মী সমর্থক নবান্ন অভিযানে অংশ নেবেন। রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘চোর ধরতে আওয়াজ তোলো ১৩ ই সেপ্টেম্বর নবান্ন চলো’ এই স্লোগান তুলছেন কর্মীরা।” মূলত এর প্রচারে আজকেই নামে পুরুলিয়া শহর বিজেপি। আজ সর্বপ্রথম দেওয়াল লিখন দিয়ে শুরু হয় বলে জানান পুরুলিয়া শহর মন্ডল সভাপতি সত্যজিৎ।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাসে ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ অন্যদিকে, চলতি মাসে গরুপাচার মামলায় সিবিআই’য়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ তারপরেই দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বিজেপির এই অভিযান।

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *