সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: নারী নির্যাতনের অভিযোগ তুলে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। পুরুলিয়া মফস্বল থানার সিদপুর মোড়ের ঘটনা। এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজা দেখা দিয়েছে।
পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া জয়নগর গ্রাম পঞ্চায়েতের সিদপুরের বাসিন্দা মনসুর বাগতির বিরুদ্ধে অভিযোগ যে, তাঁর স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রী তাঁর শ্যালিকা হুটমুড়া জয়নগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি হয়ে জয়ী হলেও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। অভিযোগ, মনসুর বাগতি দ্বিতীয় বিবাহ করার পর প্রথম পক্ষের স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। এবিষয়ে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের করা হলে দ্বিতীয় স্ত্রী তৃণমূলে আশ্রয় নেওয়ায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই অভিযুক্ত মনসুর বাগতির শাস্তি এবং সুরাহার দাবিতে পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

এই বিক্ষোভ বিজেপির মদতেই হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সেক রহিম বলেন, “সামাজিক বিভিন্ন ঘটনা রাজনৈতিক আঙিনায় এনে সস্তা রাজনীতি করছে বিজেপি। তৃণমূলে কেউ যদি স্বেচ্ছায় আসে তাহলে আমরা স্বাগত জানাবো। আসলে বিজেপি মানুষের ভরসা আস্থা হারিয়েছে। তাই ওই দল ছাড়ার হিড়িক পড়েছে।”
“এই আন্দোলন সম্পূর্ণ গ্রামবাসীর। বিজেপি এর পিছনে বা সামনে কোথাও নেই”। স্থানীয় বাসিন্দা তথা
বিজেপির সাংগঠনিক মণ্ডল( জেড পি ২১) সভাপতি রক্ষাকর পাণ্ডে এই কথা জানান।

