আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: দীর্ঘ ২৭ বছর পর পুরুলিয়া অস্ত্র বর্ষণ মামলায় মূল অভিযুক্ত ডেনমার্কের নাগরিক নিয়েলস হলক ওরফে কিম ডেভির প্রত্যার্পনের চূড়ান্ত প্রস্তুতি শুরু। বিগত কয়েক বছর ধরেই তাকে ভারতে ফেরাতে চেষ্টা চালিয়েছে নয়াদিল্লি। একাধিক বিভিন্ন শর্ত মানা হয়েছে সেই কারণে। এবার কিম ডেভিকে আনুষ্ঠানিকভাবে ভারতের ফেরাতে উদ্যোগী খোদ ডেনমার্ক সরকার।
কিমকে ফেরানোর আগে এখানকার বিচারকক্ষ ও সংশোধনাগারের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ব্যাঙ্কশাল আদালতে আসে ডেনমার্কের একটি প্রতিনিধি দল। তারা নগর দায়রা আদালতের বিচার ভবন প্রদর্শন করেন। পাশাপাশি ডেনমার্ক সরকারের শর্ত অনুযায়ী কিমকে বিচারবন্দি হিসেবে এই সংশোধনাগারের বাইরে কোথাও রাখা যায় কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। সেক্ষেত্রে হাওড়ার গ্রামীণ কোনও এলাকায় বিশেষ জেলের আলাদা পরিকাঠামো করা হতে পারে বলেও খবর। তবে প্রতিনিধিদের রিপোর্টের ওপর এই পুরোটা নির্ভর করছে।
১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে পুরুলিয়ার ঝালদায় অস্ত্র বর্ষণ করা হয়। জানা যায়, এই ঘটনায় দায়ী ছিলেন কিম, তার সঙ্গে ছিলেন পিটার ব্লিচ। একটি বিমান থেকে প্রায় তিনশোর বেশি একে ৪৭ রাইফেল, ১৬ হাজারেরও বেশি গুলি ফেলা হয়। এরপর বিমানটিকে অনেক চেষ্টা করে মাটিতে নামায় ভারতীয় বায়ুসেনা। গ্রেপ্তার হয় পিটার। কিন্তু লুকিয়ে বেড়াচ্ছিলেন কিম। এরপর তার হদিস পেতেই দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। ২০১০ সালে কিমকে প্রত্যর্পণে রাজি ছিল ডেনমার্ক সরকার। কিন্তু ভারতের সংশোধনাগারের বেহাল দশার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সে। এরপর শুরু হয় আইনি টানাপোড়েন। শেষপর্যন্ত কিমকে প্রত্যর্পণে সম্মত হয়েছে ডেনমার্ক।

