হাসপাতালে আসা রোগী ও পরিজনদের দুপুরের খাবারের ব্যবস্থা পুরুলিয়ার অ্যাম্বুলেন্স কর্মীদের

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুন: করোনা মহামারীর মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের এক হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ করে আসছেন পুরুলিয়ার অ্যাম্বুলেন্স কর্মীরা। এবার সেই অ্যাম্বুলেন্স কর্মীরা হাসপাতালে আসা রোগীদের খাবারের ব্যবস্থা করলেন।

এখন রাজ্যের বিধিনিষেধের কারণে পুরুলিয়ার বিভিন্ন খাবারের হোটেল বন্ধ রয়েছে। এই অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনদের খাবারের অভাব দেখা দিচ্ছিল। বিষয়টি নজরে আসে হাসপাতালে থাকা বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক সহ হাসপাতালের একাংশ কর্মীদের। রোগীর পরিজনদের খাবারের অভাব অনুভব করেন তাঁরা। আর সেই কথা মাথায় রেখে হাসপাতালে রোগীর পরিজনদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করলেন তাঁরা। রোগী ও রোগীর পরিজনদের এদিন ডাল ভাত সবজি সহ ডিমের কারি খাওয়ালেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বহু মানুষ এই বিপদের সময়ে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন। তবে এবার অ্যাম্বুলেন্স কর্মীদের এই মানবিক রূপ দেখে কুর্নিশ জানিয়েছেন পুরুলিয়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *