সাথী দাস, পুরুলিয়া, ৯ এপ্রিল: পুলিশের বিরুদ্ধেই আবার অভিযোগ আনলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী তথা ঝালদার ১২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। ই -মেইল মারফৎ জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো এই অভিযোগ পত্রে তিনি বলেন, ঝালদা পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবার সময় তার উপর হামলা করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নব নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ এবং বোর্ড গঠন সম্পন্ন হয় ঝালদা পৌরসভায়। এদিনই কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। কালো পতাকা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে একটি মিছিলও বের করা হয় সেদিন। মিছিলটি পৌরসভার সামনে এলে পুলিশ মিছিল আটকায় বলে অভিযোগ কংগ্রেসের। ওই সময় পুলিশি হেনস্থার শিকার হন পূর্ণিমা দেবী সহ অনান্যরা বলে দাবি তাদের। এদিন শ্লীলতাহানির কথাও বলা হয়। এই বিষয়টাই উল্লেখ করে লিখিত অভিযোগ করলেন পূর্ণিমা কান্দু। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে তিনি চেনেন। বাকিদের নাম জানেন না। যা হয়েছে তার তদন্ত প্রয়োজন।

উল্লেখ্য, ঘটনার দিনই চার কংগ্রেস নেতা বিপ্লব কয়াল, পিন্টু চন্দ্র, সৌমেন দে, বৈদ্যনাথ কৈবর্ত সহ অনান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকেই একটি
এফআইআর দায়ের করা হয়। যদিও গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পূর্ণিমা কান্দুর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি জেলা পুলিশের পক্ষ থেকে।

