মোবাইল টাওয়ার বসানোর লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাতের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশের জ্বালে ১৫

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ অক্টোবর: পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৫ মহিলা সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। আজ ধৃতদের তমলুক আদালতে তোলা হয়। পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে একটি ভুয়ো কল সেন্টারের হদিশ পেল সল্টলেক সেক্টর ফাইভে। ভুয়ো কল সেন্টারটি সল্টলেকের বিই ৩৪ তে রোজমেরি পোর্টফোলিও সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে চলছিল। এই কল সেন্টারটির মালিক রনিক পাল।

গত ৫ সেপ্টেম্বর সমিরণ গুছাইত নামে এক ব্যক্তি নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন যে, মোটা টাকার বিনিময়ে তার বাড়িতে টাওয়ার বসানো হবে এই লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ করেছে এই কোম্পানি। এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হবার পর তদন্তে নামে পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল দুপুর থেকে রাত তিনটে পর্যন্ত তল্লাশি চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৫ জন মহিলা ও বাকি ১০ জন পুরুষ। পুলিশের অনুমান বেশ কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে এই কোম্পানির মাধ্যমে। তল্লাশি চালিয়ে হার্ডডিক্স, ল্যাপটপ, ৫০ টি ল্যান্ড ফোন ও ৫০ টি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। এই কোম্পানির মূল মাথা রনিক পাল পলাতক। তাকে খুঁজছে পুলিশ।

ধৃতদের আজ তমলুক আদালতে পেশ করা হয়।
গ্রেপ্তার হওয়া ১৫ জনের মধ্যে চারজনের সাতদিনের পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হেফাজত দিলেন বিচারক। আগামী ২০ অক্টোবর আদালতে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন এই কেসের সরকারি আইনজীবী সফিউল আলি খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *