কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,
৩ নভেম্বর: মঙ্গলবার ঘাটালে তৃণমূলের মহামিছিলে না যাওয়ার জন্য মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের কিশোরচক এলাকাতে জব কার্ড থেকে বাদ দেয়া হল বেশ কয়েকজনকে। “শাসক দলের মিছিলে গেলে তবেই মিলবে জব কার্ডের কাজ”, এমনটাই অঘোষিত ফতোয়া তৃণমূল কংগ্রেসের। এমনটাই অভিযোগ, ওই এলাকার প্রায় ৪০ জন জব কার্ড পাওয়া খেটে খাওয়া মানুষজনের।
ওই ৪০ জন যথারীতি বুধবার জব কার্ডের কাজে আসেন। কিন্তু আসার পরে তারা জানতে পারেন, যেহেতু মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মহামিছিলে তারা যাননি তাই তাদের কাজ দেওয়া হবে না। এখানেই শেষ নয়, তাদের অভিযোগ, মিছিলের আগেরদিন রীতিমতো প্রধানকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বলে গিয়েছিলেন যাতে প্রত্যেকে মিছিলে আসেন। কাজ থেকে বঞ্চিত ওই জব কার্ড পাওয়া মানুষজন জানান, তাদের মধ্যে অনেকেই মিছিলের বিষয় কিছু জানতেন না। তাদের আরও প্রশ্ন, শাসক দলের মিছিলে গেলে তবেই জুটবে কাজ না হলে নয়?
তৃণমূলের নেতা বিকাশ করের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই অভিযোগটি ভিত্তিহীন। মাটি না পাওয়ার জন্য আজ কিছু মানুষকে কাজ থেকে বসিয়ে রাখা হয়েছে। আগামীকাল মাটি শুকিয়ে গেলে আবার তাদের দিয়ে কাজ করানো হবে।
বিজেপির নেতা ঘাটালের বিধায়ক শীতল পাটির কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা প্রথমবার না এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে। বিধানসভা অধিবেশনে এই ঘটনা আমরা তুলব যাতে সমস্ত সাধারণ মানুষ নির্ভয়ে তাদের কাজ করতে পারেন।

