রাজেন রায়, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ রীতিমতো গলার কাঁটা হয়ে বিঁধে ছিল প্রশাসনের। তাই এবার অবশেষে প্রকাশিত হল রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা। গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যত দ্রুত সম্ভব প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর সেই ঘোষণার ২ মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হল।
কয়েক মাস আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৬,৫০০ শূন্যপদের পরীক্ষা হলে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৫,২৪৮ জন। তবে বাকি শূন্যপদের জন্য দিন কয়েকের মধ্যেই বাকিদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ৭ দিন ধরে ইন্টারভিউ হয়। উচ্চ প্রাথমিকে এখনও শিক্ষক নিয়োগের পদ্ধতিতে জটিলতা থাকার জন্য এখনও তার প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, গত ৭ বছর ধরে আদালতে এই নিয়ে মামলা চলছে। পর্ষদ আরও জানিয়েছে, যত দ্রুত সম্ভব প্রার্থীদের নিয়োগপত্র দেওযার প্রক্রিয়া চালু করা হবে।

