কুমারেশ রায়, মেদিনীপুর, ৩০ জুন: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহর গ্রাম। আজ বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল অ্যান্ড রুরাল লাইব্রেরিতে বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী স্মরণে একটি বই প্রকাশিত হল। বইটির নাম সাগর দ্বীপ। দ্বিশততম জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর স্মারক গ্রন্থটি, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যে সমস্ত গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে তার একটি সংকলন। হরগোবিন্দ দোলই বইটি সম্পাদনা করেছেন।
এদিন অনুষ্ঠানে বইটি প্রকাশ করেন লাইব্রেরী কমিটির সভাপতি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজি। হরগোবিন্দ বাবু বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এবং ওই লাইব্রেরি কমিটির সম্পাদক। বই প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মাজি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর লাইব্রেরিয়ান অরুণ ঘোষ সহ অন্যান্যরা।
৪০০ পাতার বইটিতে বিদ্যাসাগর সম্বন্ধে গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী লেখা সংকলিত হয়েছে যা নবীন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ তো বটেই এবং গবেষকদের কাছে মূল্যবান। বইটির দাম ৪৫০ টাকা। বীরসিংহবাসীদের জন্য ৩৫০ টাকা। বইটি প্রকাশ করে দিলীপবাবু বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নের কথা বলেন। দীর্ঘদিন বীরসিংহ গ্রাম উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল, বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের দিক তিনি তুলে ধরেন। বিডিও সঞ্জীব দাস বইটির গুরুত্বের কথা উল্লেখ করে বীরসিংহ গ্রামের উন্নয়নের কথা বলেন।

