শিশু মনোগ্রাহী চিত্র সমন্বিত ‘১০০ ছড়ার ফুলঝুড়ি’র প্রকাশ

আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: পুরস্কৃত ছড়ার সমন্বয়ে শিশু মনোগ্রাহী চিত্র সমন্বিত একটি রঙিন ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন হল। মঙ্গলবার ‘১০০ ছড়ার ফুলঝুড়ি’ নামের বইটি প্রকাশ করেন রাজ্যের নারী, শিশু সমাজকল্যাণ এবং শিল্প দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

রবীন্দ্রসদনে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের জন্য এবং শিশুদের প্রত্যক্ষ অংশগ্রহণে এই অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে শিশুদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশী পাঁজা। সন্মানীয় বিশেষ অতিথি ছিলেন দফতরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ। কলকাতা সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান শ্রী কার্তিক মান্না।

এই অনুষ্ঠানের অন্যতম মূল উদ্যোক্তা বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির অন্যতম কর্তা সত্যগোপাল দে জানান, সমগ্র দেশ কোভিড অতিমারীকে কেন্দ্র করে থমকে গিয়েছিল। সেই সময়ে অনেকে ঘরবন্দি হয়ে পড়েন। একাকিত্বে দিন যাপন করে অনেক শিশু। সেই সময় শিশুদের কথা মাথায় রেখে জাতীয় স্তরের শিশু শিক্ষা এবং শিশু অধিকার বিশেষজ্ঞ ও জাতীয় স্তরের প্রতিষ্ঠান এক অভিনব ভার্চুয়াল ছড়া লেখার প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রচেষ্টায় তৈরি হয় ‘কবিতা ক্লাব’। এর প্রতিষ্ঠাতা বিখ্যাত গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক সুরজিত চ্যাটার্জি।

বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটি বিগত তিন দশকের বেশি পশ্চিমবঙ্গ সহ দেশের ১০ টির বেশি রাজ্যের সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। ঠিক অন্য প্রেক্ষাপটে বিগত এক দশকের বেশি কবিতা ক্লাব কবিতা ও সাহিত্যের প্রসারে ভার্চুয়াল মাধ্যমকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী কবিতা কেন্দ্রিক পরিবার হয়ে উঠেছে।

বিক্রমশীলা এবং কবিতা ক্লাবের ফেস বুক পেজের মাধ্যমে বিভিন্ন শিশুশিক্ষা কেন্দ্রিক বিষয় নির্ভর মাসিক ছড়া লেখার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বিগত এক বছরের বেশি সময় ধরে। এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ নেন। প্রতি মাসে তিনজন সেরা ছড়াকার পুরস্কৃত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *