নন্দীগ্রামে সারাদিন জনসংযোগ কর্মসূচি শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১৮ মার্চ: আজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জনসংযোগ কর্মসূচি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হবে। একদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে লড়াই করছেন তারই বিরুদ্ধে এলাকার বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজের কেন্দ্রে আজ সকাল থেকেই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে দশটা নাগাদ নন্দীগ্রামের সোনাচূড়া থেকে তার জনসংযোগ কর্মসূচি শুরু হয়। সোনাচূড়ার পর কালিচরণপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে এবং এলাকায় ঘুরে জনসংযোগ কর্মসূচি সারেন এবং বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান।

প্রচারের মধ্যেই দুপুরে গোকুলনগরে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করেন। এরপর বিকেলে আবার আমগাছিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন। এই কর্মসূচির শেষ অনুষ্ঠান ছিল বিকাল ৪টেয় কাঁটাবেড়িয়া পথসভার মাধ্যমে। কিন্তু শুভেন্দু অধিকারী যখন কাঁটাবেড়িয়া পৌঁছান তখন সন্ধ্যে হয়ে যায়। দিনভর এই কর্মসূচির মধ্যেও সোনাচূড়ায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *