স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ অক্টোবর: কার্যত ফাঁকা শুভেন্দু অধিকারীর জনসভা। মঞ্চের সামনের অংশ ভরাতেই হিমশিম বিজেপি নেতৃত্বের। প্রশ্ন করতেই আবারও মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকদের চটি চাটা বলে আখ্যা দিলেন।
এদিন নদিয়ার শান্তিপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার প্রথম সারির নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথম থেকে বাংলাদেশের ঘটনার কথা তুলে ধরেন। বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে দেবদেবীর মূর্তি ভাঙ্গা হয়েছে সেই কথাই সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি। মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাকে হাতিয়ার করে এ রাজ্যের উপনির্বাচনগুলিতে বিজেপি বাজিমাত করবে বলে ১০০% আশাবাদী তিনি। যদিও শুভেন্দু অধিকারীর সমাবেশ কার্যত ফাঁকা ছিল।

সে বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, আমরা কোভিড বিধি মেনে জনসমাবেশ করছি যেখানে এক হাজার মানুষের বেশি উপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়। যদিও রাজনৈতিক মহলের দাবি নির্বাচনের প্রাক্কালে এই ফাঁকা জনসভা বিজেপিকে অস্বস্তিতে ফেলবে।

