মানস মজুমদারের সমর্থনে গোঘাটে চিত্র তারক দেবের জনসভা

আমাদের ভারত, আরামবাগ, ৩ এপ্রিল: গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে এক জনসভা করলেন তৃণমূল সাংসদ তথা চিত্র অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব। এদিন দুপুরে শ্যামপুর খেলার মাঠে হেলিকপ্টারে করে নেমে জনসভায় যোগদান করেন তৃণমূল সাংসদ। তিনি জনসভায় বলেন, দলনেত্রী কোনও জাতপাতের রাজনীতি করেননি। মুসলিম আর হিন্দুকে আলাদা করেনি, গরিব বড়লোককে আলাদা করেননি, আদিবাসী ভাই বোনেদের আলাদা করেননি। তিনি সবাইকে সমানভাবে দেখেছেন এবং উন্নয়ন নিয়ে রাতের পর রাত না ঘুমিয়ে রাত জেগেছেন বাংলার উন্নয়নের কথা ভেবেছেন। পাশাপাশি তিনি গোঘাটের মানস মজুমদারকে পাশে নিয়ে বলেন, ভারতবর্ষের সব রাজ্যে বহুদলের মুখ্যমন্ত্রী রয়েছেন। আমি হলফ করে বলতে পারি মুখ্যমন্ত্রী গত ১০ বছরে রাজ্যে যে উন্নয়ন মূলক কাজগুলো করেছেন অন্য কোনও রাজ্যে ৭০ বছরেও এতটা উন্নয়নমূলক কাজ হয়নি। করতে পারেনি কেউ এই উন্নয়নের কাজ।

তবে সাংসদ দেব খেলা হবে প্রসঙ্গে বলেন, খেলা হবে না কি হবে তা বুঝি না। তবে আমি যেটুকু বুঝি মন দিয়ে যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষকে শান্তিতে থাকতে দেবে সেই খেলা হবে। আর যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের শেষ হবে, যারা মিথ্যে অপপ্রচার করছে তাদের খেলা শেষ হবে। তাই যেরকম বাংলা শান্ত ছিল, মানুষের জীবনে যেরকম হাসি ছিল তা থাকবে। কারণ এবার বাংলা নিজের মেয়েকে জেতাবে।

পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আগে ঠিক করুন তারপর বাংলাকে সোনার বাংলা গড়বেন। তিনি প্রশ্ন করেন, তারা দেশকে সোনার বাংলা করবেন নাকি দেশকে তারা সোনার চিরিয়া করবেন। যারা দেশ সামলাতে পারছেন না তারা বাংলাকে সামলাবেন? তাদের বাংলাকে বিক্রি করতে সময় লাগবে না। ২০১৪ সালের আগে তারা ভারতবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি লোককে চাকরি দেবে কোথায় গেল সেই চাকরি, তারা শুধু প্রতিশ্রুতি দিতে পারে। তাই মা বোনেদের কাছে অনুরোধ মিথ্যে প্রতিশ্রুতিতে যাবেন না। এদিন জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *