জোড়া নিম্নচাপের জেরে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ পশ্চিম সেপ্টেম্বর: জোড়া নিম্নচাপের জেরে সোমবার থেকে আকাশের মুখ ভার। মঙ্গলবার সকাল থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।

করোনা অতিমারি এবং লকডাউনের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষের রুজি রোজগারে টান পড়েছে। সাম্প্রতিক বন্যায় ঘাটালে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর লাগাতার বৃষ্টির জন্য শীতকালীন ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। চিন্তায় পড়েছেন কৃষকরা। গত মাসে হওয়া বন্যা, আবার ফের দুদিনের লাগাতার বৃষ্টিতে চাষবাসের ভবিষ্যৎ কী তা হবে জানা নেই কৃষকদের। ফসলের দাম না থাকায় আর্থিক অনটনে পড়েছেন প্রান্তিক কৃষকরা।

দু’দিন পরে বিশ্বকর্মা পুজো। আর হাতে গোনা কয়েক দিন পরই দুর্গাপুজো। করোনা এবং লকডাউনের জেরে ব্যবসায়ীরা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় মানুষের ক্ষয়ক্ষতির ফলে এমনিতেই অর্থের অভাব, তার উপর এই বৃষ্টির জন্য ব্যবসাপাতি ঘুরে দাঁড়াবে কি না সে বিষয়ে সন্দিহান ব্যবসায়ীরা। করোনা, লকডাউন, বন্যা এবং নিম্নচাপের বৃষ্টির জেরে সাধারণ এবং খেটে খাওয়া মানুষ নাজেহাল হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *