রাজেন রায়, কলকাতা, ৪ মার্চ: বিতর্ক এড়াতে পারল না বিধানসভা ভোটে তৃণমূলের তুরুপের তাস স্বাস্থ্য সাথী প্রকল্প। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ায় সেই প্রকল্পের কাজ অবশ্য স্থগিত রয়েছে। তবে এবার বিরাট টাকার গড়মিলের অভিযোগে এই প্রকল্প নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকার অনিয়মের অভিযোগে একটি জনস্বার্থ মামলায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় ক্যাগ তদন্তের দাবি করেছেন আবেদনকারী অজিত কুমার প্রসাদ। তাঁর দাবি, গরমিল হয়েছে ১৮৮ কোটি টাকার।
রাজ্যের ২৩টি জেলার একাধিক জেলায় খোঁজখবর নিয়ে অভিযোগ তোলা হয়েছে, গড়ে ১০০ জন আবেদনকারীর মধ্যে ৯০ জনই স্বাস্থ্যসাথী কার্ড পাননি। যারা কার্ড পেয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ আবার পরিষেবা পাচ্ছেন না। আবেদনকারীদের দাবি, প্রত্যেক মাসে যে বিপুল সংখ্যক চিকিৎসা হচ্ছে তার মধ্যে রোগীর সংখ্যা ও তাঁদের পিছনে কত খরচ হচ্ছে তার ভুল হিসেব দেওয়া হচ্ছে। সেই কারণেই গোটা বিষয়টি নিয়ে ক্যাগের তদন্ত দাবি করা হয়।

