সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড় এলাকায়।বেপরোয়া যান চলাচলের জন্যই এই দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগে বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান তারা। খবর পেয়ে পুলিশ এই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। তাদের ঘিরে দেখানো হয় বিক্ষোভ। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সোমবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম শ্রীরাম ঢাং (৩৮)। মেজিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি। এই ঘটনার পরেই বাঁকুড়া- রানিগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার সহ স্থানীয়রা।
তাদের বক্তব্য, এদিন সকালে দুর্লভপুরের একটি বেসরকারি কারখানা থেকে নাইট শিফটের কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শ্রীরামবাবু। বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড়ের কাছে একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই জাতীয় সড়কের গঙ্গাজলঘাঁটি থানার পালেরবাঁধ মোড়ের কাছে যান নিয়ন্ত্রণের দাবি তুলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন মৃতের পরিবার সহ স্থানীয়রা।

