আমাদের ভারত, ১৭ জুন: অগ্নিপথ বিতর্ক নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের একাধিক রাজ্যে। তিন প্রতিরক্ষা বাহিনীর চাকরি অস্থায়ী করে দেওয়া হচ্ছে এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা সহ একাধিক রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কোথাও ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও স্টেশনে ভাঙ্গচুর করা হয়েছে, কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। তারই মধ্যে এই প্রকল্পে নিয়োগের বয়সসীমা সামান্য পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়স ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল। কিন্তু কেন্দ্র জানিয়েছে এই বয়স সীমায় পরিবর্তন শুধুমাত্র এই বছরের জন্যই করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয় বিগত দুই বছর ধরে দেশের তিন বাহিনীতে নিয়োগ না হওয়ার বিষয়টি মাথায় রেখেই অগ্নিপথ প্রকল্পে বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে পরিবর্তন করে ২৩ বছর করা হচ্ছে তবে নিয়মের এই পরিবর্তন শুধু চলতি বছরের জন্যই কার্যকর হবে।
চলতি সপ্তাহের মঙ্গলবার কেন্দ্রের তরফে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের নতুন পদ্ধতির কথা ঘোষণা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে একটা বড় অংশ যেমন স্বাগত জানিয়েছে, তেমনি দিল্লি উত্তর প্রদেশ বিহার হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখন্ড, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে বিক্ষোভ ছড়িয়েছে।

