আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ ডিসেম্বর: কলকাতা পুরভোটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি এবং একাধিক জায়গায় বিজেপির পোলিং এজেন্ট এবং প্রার্থীদের মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। আর সেই অনুযায়ী রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি।
বাদ যায়নি ব্যারাকপুর শিল্পাঞ্চলও। পানিহাটির মন্ডল ২ এবং বেলঘড়িয়া বিজেপির পক্ষ থেকে পানিহাটি বেঙ্গল কেমিক্যালের মোড়ে বিক্ষোভ দেখানো হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি সভাপতি কিশোর কর, উত্তর শহরতলির জেলা যুব সম্পাদক জয় সাহা, বিজেপি নেতা শীলভদ্র দত্ত সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আধঘন্টার উপর চলে এই বিক্ষোভ। এরপর পুলিশের তৎপরতায় সেই বিক্ষোভ মিছিল তুলে দিতে বাধ্য হন বিজেপি কর্মীরা।

একইরকমভাবে বরানগর অন্নপূর্ণা বাসস্ট্যান্ডের মোড়ে বিজেপির পক্ষ থেকে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ব্যারাকপুরের চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখান ব্যারাকপুরের বিজেপি কর্মী ও নেতারা।

