স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ মার্চ: ইটাহার, চাকুলিয়ার পর এবার হেমতাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তনের দাবিতে পথ অবরোধ করল দলের কর্মীরা। রায়গঞ্জ-বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ পিকে টিম এই অযোগ্য প্রার্থীকে মনোনীত করেছে। তারা সত্যজিৎ বর্মনকে মানবেন না। দিদি তথা তৃণমূল সুপ্রিমোর কাছে প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন। দিদি তাদের দাবিকে গুরুত্ব না দিলে নির্বাচনে তার হয়ে কোন কর্মসূচিতেই তারা অংশ নেবেন না।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি দলের প্রার্থী তালিকা ঘোষনার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভ থেকে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অমল আচার্যকে প্রার্থী না করায় ওইদিন রাতেই বিক্ষোভ শুরু হয়। প্রার্থী পুনর্রবিবেচনার দাবিতে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে। গতকাল ওই একই দাবিতে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আফরিন আজাদকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
আজ হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের ১২ অঞ্চলের কর্মীরা একত্রিত হয়ে হেমতাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনকে পরির্তনের দাবিতে রায়গঞ্জ বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের পর বিধানসভা কেন্দ্রের ১২ অঞ্চলের নেতৃত্ব বৈঠকে বসে প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার হন। দিদি মমতা ব্যার্নার্জির কাছে প্রার্থী পরিবর্তন দাবি জানাবেন। দাবি না মানলে ১২ অঞ্চলের কেউ নির্বাচনের কাজে যুক্ত হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

