সুশান্ত ঘোষ, হাবড়া, ৯ জুলাই: পৌরসভার প্রশাসক ও কর্মীরা ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণ করছে। এমনই অভিযোগ তুলে গোবরডাঙা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ থেকে সিপিএম কর্মী সমর্থরা। অভিযোগ, বেছে বেছে নিজেদের লোকজনদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাঁদের দাবি ৭০ বছরের ঊর্ধ্বে সকল পৌরনাগরিককে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করতে হবে।
শুক্রবার সকালে গোবরডাঙ্গা আঞ্চলিক দলীয় দপ্তর থেকে মিছিল করে গোবরডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হন সিপিআইএমের কর্মী সমর্থকরা। তারপর পাঁচজনের একটি প্রতিনিধিদল গোবরডাঙ্গা পৌরসভার প্রশাসক, প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্তের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি দলীয় প্রতীক না দেখে সকলকে টিকা দিতে হবে। ৭০ বছরের ঊর্ধ্বে সকল পৌরনাগরিককে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করতে হবে।
যদিও পৌরপ্রশাসক সুভাষ দত্ত জানান, এ পর্যন্ত প্রায় ১৮ হাজারের কাছাকাছি টিকা দেওয়া হয়েছে। পৌরসভার প্রায় ৫২০০০ নাগরিকদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে প্রায় ১৩ হাজার ৫০০ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষকে। বিরোধীরা যে অভিযোগ করছেন তার কোনও ভিত্তি নেই। দলমত নির্বিশেষে সকলকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে সকল পৌরনাগরিককে আগাম জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র রাজনীতির করার জন্যই তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন বলে আমরা মনে করছেন সুভাষবাবু।

