দুই কাউন্সিলরকে তৃণমূলে ফিরিয়ে নেওয়ার আপত্তি তুলে বিক্ষোভ গারুলিয়ায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ জুন: গাড়ুলিয়া পৌর সভার বিদায়ী দুই বিজেপি কাউন্সিলরকে তৃণমূলে ফিরিয়ে নিতে আপত্তি তুলল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। এই ইস্যুতে তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করল গারুলিয়ায়।
মুকুল রায় ও তার পুত্র বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দান করার পর থেকেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের বেসুরো হতে দেখা যাচ্ছে। প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিংয়ের তৃণমূলে যোগদান আটকাতে মরিয়া নোয়াপাড়ার ঘাসফুলের নিচুতলার কর্মীরা। সুনীল সিংকে দলে আসা থেকে আটকাতে ইতিমধ্যেই পোস্টার পড়েছে নোয়াপাড়ার বিভিন্ন এলাকায়।

এবার গারুলিয়া পুরসভার বিজেপির দুই বিদায়ী কাউন্সিলরকে আটকাতে সোমবার বিকেলে গারুলিয়ার রামপ্রসাদ মোড়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের নিচুতলার কর্মী-সমর্থকরা। ছাত্র নেতা মহম্মদ মুরতুজার নেতৃত্বে চলে এদিন বিক্ষোভ। ছাত্র নেতার অভিযোগ, দুই কাউন্সিলর গৌতম বসু ও অশোক সিং-কে দলে নেওয়া যাবে না। এঁরা তৃণমূলের কর্মীদের ওপর অত্যাচার করেছে। যদিও বিদায়ী কাউন্সিলর গৌতম বসুর দাবি, “আমরা বিজেপিতেই আছি। তৃণমূলে যোগ দেবার ব্যাপারে কারও সঙ্গে কথাবার্তাও হয়নি, বরং আমার স্বচ্ছ ভাবমূর্তির জন্য তৃণমূল আমাকে গারুলিয়াতে তৃণমূলের মুখ করতে চাইছে। আর যে রাস্তায় দাড়িয়ে আমার নামে কি বলছে তাতে কিছু যায় আসে না আমার। তবে যার নেতৃত্বে এদিন বিক্ষোভ হল, সে কলেজে তৃণমূল করে। আর গারুলিয়ায় বিজেপি করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *