বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা ও কলা গাছ লাগিয়ে বিক্ষোভ বাগদায়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ আগস্ট: রাস্তায় ধানচারা ও কলাগাছ পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার পারমাদন হরিনাথপুর গ্রামের প্রায় শ’খানেক গ্রামবাসী ওই বিক্ষোভে সামিল হন। অভিযোগ, পাকা রাস্তার পিচ উঠে গিয়েছে সেই কবে। খানাখন্দে বর্ষার জল ভরে গিয়েছে। প্রতি বছরই এ ভাবে চলে। রাস্তায় পিচের কোনও অস্তিত্বই নেই। মাটি বেরিয়ে পড়ে রাস্তা জুড়ে এখন প্যাচপেচে কাদা। বারবার রাস্তা সারাইয়ের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এ দিন স্থানীয় বাসিন্দারা ধানচারা ও কলাগাছের চারা পুঁতে বিক্ষোভ দেখান।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর ১৫ ধরে পারমাদন হরিনাথপুর থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা ওই রাস্তাটি বেহাল হয়ে পড়ে। পিচ উঠে যাওয়ায় ফি বর্ষায় কাদা পারিয়ে স্কুলের পুড়ুয়া থেকে বাসিন্দাদের যাতায়ত করতে হত। এমনকী ওই রাস্তা দিয়ে বাগদার গ্রামীণ হাসপাতালেও যেতে হয়। তারমধ্যে আশপাশের গ্রামে রাস্তার কাজ হলেও পূর্ত দফতর এই রাস্তা সংস্কারে কোনো গুরুত্ব দিচ্ছে না।

বাসিন্দাদের দাবি, বহুবার ওই রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তাই ওই দিন সকালে স্থানীয়রা জড়ো হয়ে রাস্তার মধ্যে ধানের চারা ও কলাগাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারিদের মধ্যে দিলীপ রায়, তপন সরকার, শুভা সরকার বলেন, “বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাব তার উপায় নেই। সারা বছর ওই জলকাদার রাস্তা পেরিয়ে বাজার থেকে হাসপাতাল সর্বত্রই যেতে হয়।” তাঁরা জানান, বহুবার তাঁরা বিভিন্ন দফতরে রাস্তাটি সংস্কারের জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই তারা বিক্ষোভ দেখান।

বাগদার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ বলেন, ওই রাস্তা প্রধান মন্ত্রী সড়ক যোজনার রাস্তা। গত চার বছর ধরে রাস্তার জন্য কেন্দ্রীয় সরাকার কোনো টাকা পাঠায় না। তাই পঞ্চায়েতের কিছু করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *