শঙ্কর আঢ্যকে প্রার্থী করতে হবে, এই দাবি তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বনগাঁয়

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: প্রার্থী বদল করে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানকে প্রার্থী করতে হবে, এই দাবি তুলে বনগাঁ শহরে অবস্থান বিক্ষোভ ও অবরোধ করল কয়েকশো মহিলা তৃণমূল কর্মী সমর্থক। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরে মিছিল বের করে তৃণমূলের মহিলা সমর্থকরা। এরপর বনগাঁর রামনগর মোড়ে অবস্থান বিক্ষোভ করে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যশোর রোড। এর ফলে কয়েক ঘন্টা অচল হয়ে পড়ে বনগাঁ শহর।

শুক্রবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী হিসাবে জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়ের নাম ঘোষণা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি গোপালনগরে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রার্থী বদলের দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট করছে ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। বনগাঁর পৌরপ্রশাসক শঙ্কর আঢ্যকে প্রার্থী হিসেবে দাবি জানিয়েছিল তারা। শ্যামল রায়ের নাম ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে ওঠে বনগাঁ শহর। কোথাও মিছিল, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ফের সোমবার সকালে আন্তর্জাতিক নারী দিবসে বনগাঁর ক্ষুব্ধ মহিলা তৃণমূল কর্মীরা বনগাঁর পৌর প্রশাসক শঙ্কর আঢ্যকে প্রার্থী করার দাবিতে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করল। পরে যশোর রোডের রামনগর রোডের মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা।

প্রসঙ্গত, শনিবার সকালে কয়েকশো ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা বনগাঁর সেন্ট্রাল পার্টি অফিস থেকে মিছিল শুরু করে শ্যামল রায়কে প্রার্থী চাই না জানিয়ে প্রার্থী বদল করে শঙ্কর আঢ্যকে প্রার্থী করার দাবি জানিয়ে বনগাঁ বাটার মোড়ে অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। সোমবার ফের তৃণমূল কর্মী সমর্থকরা বনগাঁ খেলাগড় মাঠ থেকে মিছিল শুরু করে বনগাঁ রামনগর রোড অবরোধ করে। তারপর সেখানেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় ঘন্টা খানেক অবরোধ বিক্ষোভ চলে। অন্যদিকে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী শ্যামল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *