Hijab হিজাবের দাবিতে কর্ণাটকে ফের বিক্ষোভে অশান্তির আঁচ, বিজেপি নেতা সহ দু’জনের মুন্ডু কেটে নেওয়ার হুমকি সোশ্যাল মিডিয়ায়

আমাদের ভারত, ৮ জুন: আবার হিজাব নিয়ে বিক্ষোভের আশঙ্কা কর্ণাটকে। হিজাব বিতর্কে ফের অশান্তির কালো মেঘ দেখা দিয়েছে দক্ষিণের এই রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে হিজাব পরার দাবিতে। একই সঙ্গে এক বিজেপি নেতার মুন্ডু কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে সেখানে।

কর্ণাটকের দক্ষিণ কন্নর জেলার একটি সরকারি কলেজে বিতর্কের প্রেক্ষিতে নেট মাধ্যমে হিজাব পরার অধিকারের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নানা ব্যক্তি ও সংগঠনের তরফে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তবে শুধু আন্দোলন নয় ইনস্টাগ্রামে একটি পোস্টে বিজেপি নেতা যশপাল সুবর্ণ এবং হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা প্রমোদ মুতিলিকের মাথা কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি যশপাল এবং প্রমোদ সে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করার দাবিতে একাধিক বিবৃতি দিয়েছিলেন। তারপরই এই হুমকি। বুধবার যশপাল বলেন, “দেশ বিরোধী শক্তি আবার কর্ণাটকে গোলমাল পাকাতে চাইছে। আমরা তাতে ভীত নই।”

সম্প্রতি দক্ষিণ কন্নর জেলার উপ্পিনাগড়ি গভমেন্ট ফার্স্ট গ্রেড কলেজে হিজাব পরে আসার জন্য ৭ ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছিল। এরপরেই কলেজে শুরু হয় হিজাব পরে আসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ। যার জেরে চলতি সপ্তাহে আরো ২৪ জন ছাত্রীকে সাসপেন্ড কলেজ করেন কলেজ কর্তৃপক্ষ।

এরপরই কর্ণাটকে বিভিন্ন সংখ্যালঘু-অধ্যুষিত জেলায় হিজাব পড়তে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। গত মার্চে কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিল হিজাব ইসলামী ধর্মীয় অনুশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। তাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট পোশাক বিধি থাকলে তা মানতে হবে পড়ুয়াদের। এরপর কর্ণাটকের কয়েকজন পড়ুয়া হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারা হিজাব মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালে শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। এরই মধ্যে ফের সে রাজ্যের নানা শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে হিজাব পরার অধিকারের দাবিতে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *