সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১১ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির ঘোষণার ১ বছর পার হয়ে গেলেও ২০১৪ সালে টেট পাশ প্রশিক্ষণ প্রাপ্ত প্রাথমিক স্কুলের চাকরি প্রার্থীরা এখনও নিয়োগ পত্র না পায়নি। শুক্রবার বাঁকুড়া জেলার কর্ম প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি দিতে এসে বাঁকুড়া শহরের তামলীবাঁধ মোড়ে তাদের পরিবার নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।
২০১৪ সালে টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেট ক্যান্ডিডেটস একতা মঞ্চ নামে তারা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছেন। বাঁকুড়া জেলা কমিটির পক্ষে বিশ্বরূপ মন্ডল বলেন, সারা রাজ্যে ২০ হাজার টেট পাশ নিয়োগ প্রার্থী আশায় আশায় থেকে হতাশ হয়ে পড়েছি। অনেকের বয়স অতিক্রম করেছে। এই অবস্থায় আমরা বিকাশ ভবনে গিয়ে দাবি জানিয়ে এসেছি। ২০২০ সালের ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রথমে সাড়ে ১৬ হাজার নেওয়া হবে। বাকিদের পরে নেওয়া হবে। কিন্তু ১২ হাজার নিয়োগ করার পর আর নেওয়া হয়নি। বিশ্বরূপ মন্ডল বলেন, এখানেও সঠিক তথ্য দেওয়া হয়নি। আমরা আরটিআই করে জেনেছি ১০ হাজারকে নিয়োগ করা হয়েছে। বাকিদের কেন নেওয়া হচ্ছে না তারও সদুত্তর না পেয়ে পরিবার নিয়ে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এদিন অবরোধ হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে। তারপর তারা ডেপুটেশন দিতে যান প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে। এদিন তারা একটি স্মারকলিপিও জমা দেন মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে।
বিক্ষোভকারী প্রসেনজিৎ দেওঘরিয়া বলেন, মুখ্যমন্ত্রী এরপরও যদি নিয়োগ করার ব্যবস্থা না করেন তাহলে আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো।
এ বিষয়ে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বসুমিত্রা পান্ডে বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

