আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ জুন: স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ নিত্যযাত্রীদের উঠতে দিতে হবে, নতুবা লোকাল ট্রেন চালাতে হবে–এই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর, ঘুটিয়ারিশরীফ, বেতবেড়িয়া ও মল্লিকপুর স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সাথে বচসা বাঁধে বিক্ষোভকারীদের।
মল্লিকপুর স্টেশনে পুলিশের গাড়ি ভাঙ্গচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।
বুধবার সকালেও সোনারপুর স্টেশানে একই দাবীতে বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। দীর্ঘ চার ঘণ্টা ধরে চলেছিল বিক্ষোভ। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু হয় বিক্ষোভ। এদিন অবশ্য সোনারপুর স্টেশনে বিক্ষোভকারীদের দ্রুত সরিয়ে দিয়ে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক করে পুলিশ। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যান্য স্টেশনে সকাল থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত অফিস কাছারি খুলে গেলেও ট্রেন চলছে না, ফলে তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে শুধু স্টাফ স্পেশাল ট্রেন চালানো যাবে না। হয় সব লোকাল ট্রেন চালাতে হবে, নতুবা স্টাফ স্পেশালে তাঁদের উঠতে দিতে হবে। এদিন সকাল থেকে কোথাও দু’ঘণ্টা তো কোথায় তিন ঘণ্টা ট্রেন অবরোধ চলে।

