আবাস প্লাসের ঘোষিত তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত পুরুলিয়া জেলাজুড়ে

সাথী দাস, পুরুলিয়া, ২৯ ডিসেম্বর: আবাস প্লাসের ঘোষিত তালিকা নিয়ে বিক্ষোভ অব্যাহত পুরুলিয়া জেলাজুড়ে। কোথাও পঞ্চায়েতে তালা, কোথাও পথ অবরোধ, দিন ভর চরমে উদ্বেগের মধ্যেই কাটালেন পঞ্চায়েতের প্রধান, ব্লক আধিকারিকরা। শান্তি শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ হিমসিম খেল বিক্ষোভকারীদের বাগে আনতে।

গতকাল দুপুর থেকে পুরুলিয়া ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তালা লাগিয়ে দেন গ্রামবাসীরা। ভেতরে তালাবন্দি অবস্থায় রয়ে যান পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত কর্মীরা। পুলিশের আশ্বাসে রাত ৯ টার সময় গ্রামবাসীরা তালা খুলে দিলেও ফের আজ সকালে অফিস খোলার আগেই তালা লাগিয়ে দেন গ্রামবাসীরা। তালা লাগিয়ে তারা চলে যান ১ নম্বর ব্লকের বিডিও অফিসে। আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের নাম থাকায় গতকাল দুপুরবেলা থেকেই তালা লাগিয়ে দিয়েছিলেন সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের রামনগর ও সোনাইজুড়ি গ্রামের মহিলারা। গতকাল রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও আজ সকাল থেকেই আবার তালা লাগিয়ে চলে যান পুরুলিয়ায় ১ নম্বর ব্লকের বিডিওর কাছে। তাঁদের দাবি, এই তালিকা বাদ দিয়ে নতুন করে যোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে। এদিকে সকাল থেকেই পঞ্চায়েত অফিসে তালা লাগানোর ফলে পঞ্চায়েতের অন্যান্য কাজকর্ম বন্ধ হয়ে যায়।

পুরুলিয়া ১ ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ বলেন, “আমি ওদেরকে কথা দিয়েছি, অযোগ্য লোকের তালিকায় নাম দেওয়া থাকলেও সেটা তদন্ত সাপেক্ষ, তারা বাড়ি পাবেন না। এই মহূর্তে পোর্টাল বন্ধ আছে। আমরা বলেছি তালিকা করে দিন তাহলে আমরা জানতে পারবো কোন নাম গুলো জেলাতে আমরা পাঠাবো।”

অন্যদিকে, আবাস যোজনার একই সমস্যা নিয়ে ঝালদা- বাঘমুন্ডি সড়ক পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঝালদা ১ ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের উদয়শুরু গ্রামের। এই বিষয়ে গ্রামবাসী সোমবারি মাহাতো, শকুন্তলা রজক ও অঞ্জনা রজক জানান, “গ্রামে ৪০০ -র বেশি পরিবার। এখানে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত, চূড়ান্ত তালিকায় নাম নেই যোগ্য ব্যক্তিদের। যাঁদের পাকা বাড়ি গাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে তালিকায়। তাই আজ আমরা ঝালদা- বাঘমুন্ডি সড়ক পথ অবরোধ করেছি।”

এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্যা বিলাসী রজকের দাবি, গ্রামে বহু যোগ্য ব্যক্তি আজ বঞ্চিত, তাই অবরোধ। বিষয়টি বিডিওকে জানাবো যাতে সকল যোগ্যরা বাড়ি পান।

খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ও ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রকাশ চন্দ্র মাহাতো ঘটনাস্থলে পৌঁছান। প্রধান বলেন, “আজ এলাকার যোগ্য ব্যক্তিরা বঞ্চিত। আজ কয়েকদিন ধরে এলাকার মানুষ ক্ষুব্ধ। আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *