সাথী দাস, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলা জুড়ে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধের ঘটনা ঘটল পুরুলিয়ায়। এমনকি দলত্যাগ করার ঘটনা ঘটল।
পুরুলিয়ায় প্রার্থী বদলের দাবিতে ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পুরুলিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ঘোষণা করা হয় রথীন্দ্রনাথ মাহাতোকে। অথচ ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌসুমী ঘোষ তাঁর কাজের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৭ নম্বর ওয়ার্ডে। এই অভিযোগ জানিয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, মৌসুমী ঘোষকে তাঁদের ওয়ার্ডে প্রার্থী করা হোক।

একই কারণে বিকেলে ১২ ও ১৮ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ১০ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলের দাবি জানান তৃণমূলের একাংশ।

