আমাদের ভারত, আরামবাগ, ১০ আগস্ট: রাজ্যে তৃতীয় বারের জন্য তৃণমূল ক্ষমতায় এলেও থামেনি গোষ্ঠী দ্বন্দ্ব। হুগলিতে মূলত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ পায় বিধানসভা নির্বাচনের সময়। যার ফলে আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুড়শুড়া আসন তৃণমূলের হাতছাড়া হয়। এমনকি গোঘাট বিধানসভার রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে।
একদিকে গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের গোষ্ঠী ও অন্যদিকে গোঘাট-১ নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজার গোষ্ঠী আর এই দুই গোষ্ঠীর বাইরে রয়েছে প্রাক্তন এমএলএ মানস মজুমদারের গোষ্ঠী। সব মিলিয়ে গোঘাটের রাজনীতিতে ডামাডোল পরিস্থিতি। অতিবৃষ্টি, বন্যা পরিস্থিতিতে মানুষ যখন দিশেহারা সরকারি পরিষেবা পাওয়ার জন্য ঠিক সেই সময় আবারও গোঘাটের রাজনীতিতে এক ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হয়। জানা গেছে, গত ৯ আগস্ট দুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে হতে মনোরঞ্জন পালের বিরোধী গোষ্ঠীর লোকজন তাকে মারধর এবং হেনস্তা করে। আজ পচাখালি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে মনোরঞ্জন পালের অনুগামীরা বিক্ষোভ করার পাশাপাশি আরামবাগ কামারপুকুর রোডে পথ অবরোধে সামিল হয়। তারা এই অন্যায়ের প্রতিকারের জন্য উচ্চতর নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করে।
মনোরঞ্জন পালের অনুগামীদের হুঁশিয়ারি, যদি উপর নেতৃত্ব এই অন্যায়ের প্রতিকার না করে তবে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

