অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে খুদেদের নিয়ে মায়েদের ধর্ণা- বিক্ষোভ ও পদযাত্রা ২৮ জানুয়ারি

আমাদের ভারত, ২০ জানুয়ারি: প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে
খোলার দাবিতে আগামী ২৮ শে জানুয়ারি ধর্ণা-বিক্ষোভ-পদযাত্রায় নামছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।

সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত এক প্রেস বিবৃতিতে বৃহস্পতিবার জানান, “প্রায় দুবছর রাজ্য সরকারি নির্দেশে স্কুল কলেজ বন্ধ। স্কুলের উঁচু ক্লাস ও কলেজ-বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য খুললেও আবার তা বন্ধ হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে একদিকে যেমন পঠন পাঠনের ব্যাপক ক্ষতি হচ্ছে, বহু পড়ুয়া স্কুল-ছুট হয়ে যাচ্ছে, মেয়েদের বাল্যবিবাহ বাড়ছে, ছাত্রছাত্রীরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, অনেকে আবার মোবাইল গেম বা অন্যান্য সাইটে আসক্ত হয়ে পড়ছে। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন। ‘হু’ এবং আইসিএমআর–এর স্কুল খোলা নিয়ে পরিষ্কার নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার অনড়।

এ রাজ্যের মায়েরা অবিলম্বে সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে তাঁদের স্কুল পড়ুয়া সন্তান-সন্ততিদের নিয়ে আগামী ২৮ জানুয়ারি রাজ্যজুড়ে ধর্ণা-বিক্ষোভ-পদযাত্রায় অংশ নেবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাবেন। সমস্ত মায়েদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *