আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ আগস্ট : আজ সন্ধ্যায় তমলুক শহরে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটি দলীয় বৈঠক ছিল। এই দুটি বৈঠকেই যাওয়ার সময় রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী’কে বিক্ষোভ দেখায় এবং কটূক্তি করতে থাকে।
আজ সন্ধ্যায় তমলুক রাজবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী প্রথম মিটিং ছিল। সেই দলীয় মিটিংয়ে যাওয়ার সময় রাস্তায় শুভেন্দু অধিকারীকে ঘিরে কটূক্তি করতে থাকে তৃণমূলের কর্মী-সমর্থকরা। “চোর চোর চোট্টা, শিশিরবাবুর ছেলেটা। গদ্দার দুর হটো। মীরজাফর। শুভেন্দু অধিকারী গো ব্যাক।” – এই ধরনের স্লোগান দিতে থাকে। পুলিশ অবশ্য তৃণমূল কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী কাছে ঘেঁষতে দেয়নি। এরমধ্যেই গাড়ি থেকে শুভেন্দু অধিকারী নেমে মিটিংয়ে ঢুকে যান এবং যথারীতি নির্ধারিত সময়ে মিটিং শুরু করেন।

প্রায় আধ ঘণ্টা সময় এই দলীয় মিটিং চলাকালীন মিটিং হল এর কাছাকাছি থেকে তৃণমূল কর্মী সমর্থকরা চিৎকার-চেঁচামেচি করতে থাকে এবং কটূক্তি করতে থাকে। গদ্দার মীরজাফর এধরনের লেখা পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকে। তৃণমূলের কর্মীদের হাতে দলীয় পতাকাও ছিলো। শুভেন্দু অধিকারী অবশ্য এই ব্যাপারে কোন কিছু মন্তব্য করতে রাজি হননি। রাজবাড়ি এলাকার মিটিং হল থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডে আরএকটি মিটিংয়ে।

এখানেও যাওয়ার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার হাতে কটূক্তি করতে থাকে এবং বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তৃণমূলের কর্মীদের কিছুটা দূরে সরিয়ে রাখে, যাতে শুভেন্দু অধিকারীর মিটিংস্থলে যেতে কোনও অসুবিধা না হয়। দু’জায়গাতেই শুভেন্দু অধিকারী মিটিং করে তমলুক থেকে বেরিয়ে যান। তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

