কুমারেশ রায়, মেদিনীপুর, ৫ মে:
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঘাটাল মহকুমায় বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী এবং নেতাদের মারধর করছে বাড়ি ভাঙ্গচুর করছে।
মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির শপথের দিনে অর্থাৎ ৫ মে বুধবার বিজেপি সারা রাজ্যের সাথে ঘাটালেও বিক্ষোভ দেখালো। বিক্ষোভের সাথে বিজেপি ধরনা কর্মসূচিও করে।
রাজ্যের অন্যান্য জায়গার সাথে ঘাটালে বিজেপি কর্মী এবং নেতাদের ওপর তৃণমূল কংগ্রেসের আক্রমণের প্রতিবাদ জানান বিজেপির নেতা ও কর্মীরা।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে বিজেপি কর্মী এবং সাধারণ মানুষকে আত্মরক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিরোধ করার আহ্বান জানান। রামবাবু বলেন, সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস সৃষ্টি করেছে এর বিরুদ্ধে আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করবো। ঘাটালে কয়েক’শ বাড়ি ভেঙ্গেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দিচ্ছে আমাদের পার্টি অফিসে।

দলের ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী হাসি হালদার বলেন, বিজেপির পরাজয় হয়নি, কারণ বিধানসভায় আমাদের আসন সংখ্যা ছিল তিন, সেই জায়গায় আমাদের অনেকগুণ শক্তি বৃদ্ধি হয়েছে। আমাদের আসন সংখ্যা ৭৮। যে যার আদর্শ অনুযায়ী দল করবে ,কিন্তু বিরোধী দল হলেই তাদের উপর সন্ত্রাস নামিয়ে আনছে তৃণমূল কংগ্রেস।
দলের ঘাটাল বিধানসভার কনভেনার উত্তম মন্ডল বলেন, পশ্চিমবঙ্গ কে কাদের হাতে তুলে দেওয়া হল? এর জন্য মাশুল দিতে হবে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে কিন্তু পুলিশ সহযোগিতা করছে না।

