আমাদের ভারত, শিলিগুড়ি, ১৭ জুন: সেনাবাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি এখন। সেই আঁচ আছড়ে পড়ল শান্ত শহর শিলিগুড়িতে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বিক্ষোভকারীরা একজোট হয়ে শিলিগুড়ি শহরের পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাতে লাঠি সোঁটা নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে ছুটতে থাকে একটি মিছিল। প্রচুর যুবকরা এদিন অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি জানায়।

উন্মত্ত হয়ে বিক্ষোভকারীরা এদিন জায়গায় জায়গায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরাতেও দেখা যায়। মিছিলটি সেবক রোড ধরে পানিট্যাঙ্কি, বিধান রোড হয়ে হাঁসমিচকে আসতেই বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকে দিয়ে যুবকদের হাত থেকে লাঠিসোঁটা কেড়ে নেয়। মিছিলটি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা ছিল। তাই আগে থেকেই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্ত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। রেল পুলিশ স্টেশন চত্ত্বর ঘিরে রাখে যাতে কোনোভাবেই বিক্ষোভকারীরা স্টেশনে এসে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে।

অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও শহর শিলিগুড়িতে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য সজাগ দৃষ্টি রেখে চলে। এনজেপি স্টেশনে পৌঁছানোর আগেই গোপাল মোড়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। পরে উত্তরবঙ্গের সাত জেলার সাতজন প্রতিনিধিদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে আলোচনার জন্য নিয়ে যায় পুলিশ। বাকিরা গোপাল মোড়ে অপেক্ষা করতে থাকে।

