থানার আইসির বদলি রুখতে ক্যানিংয়ে বিক্ষোভ মহিলাদের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ জুন: দিন পাঁচেক আগে ২৪ জুন রাজ্য পুলিশের মোট ১১০ জন আইসির বদলির নির্দেশিকা বের হয়। সেখানে ন’মাস আগে ক্যানিং থানায় যোগ দেওয়া আইসি আতিবুর রহমানের নামও রয়েছে। ক্যানিং থেকে তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিং পুলিশ জেলায়। সেখানে তাঁকে কারশিয়াংয়ে কোর্ট ইন্সপেক্টর হিসেবে যোগ দিতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁর ক্যানিং থানা থেকে বিদায় নেওয়ার কথা। কিন্তু মঙ্গলবার সকালে প্রায় শতাধিক মহিলা প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ শুরু করেন। আইসিকে বদলি করা যাবে না বলে দাবি তোলেন তাঁরা। এ নিয়ে দীর্ঘক্ষণ থানার সামনে চলে বিক্ষোভ। পুলিশ এসে তাঁদের থানা চত্বর থেকে বের করে দিলে থানার সামনে ক্যানিং বারুইপুর রোডের উপর শুরু হয় বিক্ষোভ।

বিক্ষোভকারীদের দাবি, আতিবুর রহমান ক্যানিং থানায় আইসি হিসেবে যোগ দেওয়ার পর এলাকায় নারী নির্যাতন, শিশু পাচারের মতো সমস্যা অনেকক্ষানি মিটেছে। অনেক অপরাধমূলক কাজকর্মও কমেছে। সেই কারণে এই আইসি আরও কিছুদিন ক্যানিং থানায় থেকে এলাকাকে যাতে আরও শান্ত ও অপরাধমুক্ত রাখেন সেই দাবি জানান তাঁরা। বিক্ষোভকারী লাবনি মৃধা, মীরা নস্কররা বলেন, “গত কয়েকমাসে ক্যানিংয়ে কোনও ধর্ষণ, শ্লীলতাহানী বা নারী নির্যাতনের ঘটনা ঘটেনি। এগুলি কড়া হাতে আইসি দমন করেছেন। এলাকায় শান্তির পরিবেশ রয়েছে, সেই কারণে ওনাকে আমরা যেতে দেবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো বিষয়টি বিবেচনা করে দেখার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *