হাসপাতালের ভেতরে ভোটকেন্দ্র বাতিলের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ ভোটারদের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল: অতিমারি করোনার সময় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ভোটগ্রহন কেন্দ্র করার প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যারাতে পথ অবরোধ করল ভোটাররা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কলেজপাড়ায়। ভোটারদের অভিযোগ, এই হাসপাতালেই যেখানে ভোটগ্রহন কেন্দ্র করা হয়েছে সেখানেই করোনা রোগীদের রাখা হত। সেখানে কোনওভাবেই তাঁরা ভোট দিতে যাবেন না। অবিলম্বে ভোটগ্রহন কেন্দ্র পরিবর্তনের দাবিতে রায়গঞ্জ শহরের হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ১২৯ ও ১৩০ নম্বর বুথের ভোটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ মহকুমাশাসক। তবে তিনি বলেন ভোটকেন্দ্র পরিবর্তনের বিষয়ে যা বলার জেলার রিটার্নিং অফিসার বলবেন।

রায়গঞ্জ পুরসভা এলাকার কলেজপাড়া এলাকার ১২৯ ও ১৩০ নম্বর বুথের ভোটগ্রহন কেন্দ্র করা হয়েছে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশে। স্থানীয় বাসিন্দা ও ভোটারদের অভিযোগ হাসপাতালের এই অংশেই কোভিড আক্রান্ত রোগীদের রাখা হয়েছিল। আপাতত স্যানিটাইজিং করে সেখানেই ১২৯ ও ১৩০ নম্বর বুথ করা হয়েছে। কিন্তু সেই হাসপাতালের ভোটগ্রহন কেন্দ্রে ভোট দিতে নারাজ ওই দুটি বুথের ভোটাররা। ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে কলেজপাড়ায় হাসপাতাল রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে ভোটাররা।

ভোটারদের দাবি, ভোটকেন্দ্র পরিবর্তন না করলে তাঁরা কেউই হাসপাতালের ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন না। যতক্ষন না নির্বাচন কমিশনের আধিকারিকেরা ভোটকেন্দ্র পরিবর্তনের ব্যাবস্থা না করবে ততক্ষন এই পথ অবরোধ আন্দোলন চলবে বলে জানিয়েছেন ক্ষুদ্ধ ভোটাররা। রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ জানিয়েছেন, পথ অবরোধের ঘটনা শুনে এসেছি। বিষয়টা ভোটারদের বোঝানো হচ্ছে। তবে ভোটকেন্দ্র পরিবর্তনের বিষয় নিয়ে যা বলার জেলার রিটার্নিং অফিসারই বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *