প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়ায় ঝাড়গ্রামে ৫ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের দহিজুড়ির চকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়ায় দুর্নীতির অভিযোগ। এর বিরুদ্ধে সরব হয়ে গ্রামবাসীরা মঙ্গলবার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিনপুর থানার দহিজুড়ি এলাকায় বিক্ষোভ শুরু করে। পাশাপাশি সাপধরা এলাকাতেও অবরোধ শুরু করে স্থানীয় বাসীন্দারা।

গরিব মানুষদের আবাস যোজনার ঘর দেওয়ার দাবি, ১০০ দিনের প্রকল্পের কাজের টাকার দাবি সহ জব কার্ড এবং একাধিক দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের টেঙিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ওই এলাকার বঞ্চিত দরিদ্র গ্রামবাসীরা। যার ফলে ঝাড়গ্রামের সাথে জামবনির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

গ্রামবাসীদের দাবি, প্রকৃত গরিব মানুষ হওয়া সত্ত্বেও তারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি থেকে বঞ্চিত, ১০০ দিনের প্রকল্পে কাজ করেও টাকা পায়নি দীর্ঘদিন, সেই সঙ্গে জব কার্ড নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। তাই একাধিক দাবিতে গ্রামবাসীরা মঙ্গলবার সকাল থেকেই টেঙিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *