স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ আগস্ট: একের পর এক গ্রাম পঞ্চায়েত টাকা নিয়ে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে বিজেপির জেলা সভাপতি। এছাড়াও যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য নিজের কাছের মানুষদের জেলা কমিটিতে জায়গা করে দিয়ে সংগঠনকে দুর্বল করার অভিযোগ উঠেছে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে৷
এই অভিযোগে, খোদ দলের জেলা সভাপতির বিরুদ্ধেই আন্দোলনে সামিল হয়েছেন বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা। “অযোগ্য, টাকা নয়ছয়কারী” এই সভাপতিকে হঠানোর দাবিতে বিক্ষোভে নেমেছেন জেলার বিজেপি নেতা কর্মীরা। বিজেপির জেলা সদর কার্যালয় রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে অবস্থিত অফিসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। অবিলম্বে এই জেলা সভাপতি বাসুদেব সরকারকে যদি অপসারণ না করা হয় তাহলে বিজেপি কর্মীরা দলীয় জেলা কার্যালয়ে রিলে অনশন আন্দোলনে বসবেন বলে হুমকি দিয়েছেন।
যদিও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, দলীয় কর্মীদের ক্ষোভের কথা তাঁর জানা নেই। যদি কোনও বিজেপি কর্মী কার্যকর্তা এই ধরনের কার্যকলাপ করেন তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র দশ দিন আগে আচমকাই বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সরিয়ে দিয়ে বাসুদেব সরকারকে সভাপতি করা হয়। তৎকালীন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর অনুগামী বলে পরিচিত এই বাসুদেব সরকার। আচমকাই বিজেপির সভাপতি বদল করার ফলও ভুগতে হয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপিকে। জেলার ৯ টি বিধানসভা আসনে ৭ টিতেই হেরে যায় বিজেপি। বিজেপির পরিষেবা সেলের কনভেনার বলরাম চক্রবর্তী অভিযোগ করে বলেন, এই সভাপতিকে দলের কোনও নেতা কর্মীই মানছেন না। একজন অযোগ্য নেতাকে বিজেপির সভাপতিকে করে দলের ভরাডুবি হয়েছে। পাশাপাশি সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অযোগ্য সভাপতিকে সরানোর দাবিতে বুধবার রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপির বহু কার্যকর্তা থেকে বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, আগামী দশ দিনের মধ্যে বাসুদেব সরকারকে বিজেপির জেলা সভাপতির পদ থেকে না সরালে বৃহত্তর আন্দোলনে নামবে জেলার বিজেপি কর্মীরা।

যদিও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ক্ষোভ বিক্ষোভ রাজনীতির অঙ্গ। কেউ যদি এই ধরনের বিক্ষোভ আন্দোলন করে তাঁদের বিরুদ্ধে দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

