রায়গঞ্জের অতিরিক্ত জেলা দায়রা আদালতে দীর্ঘ দিন ধরে বিচারক না থাকায় বিক্ষোভ আইনজীবীদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ জুন: রায়গঞ্জ জেলা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালত -২ এর বিচারক ৮ মাসের অধিক সময় ধরে না থাকায় চরম বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা। এই ঘটনায় ক্ষুব্ধ আদালতের আইনজীবীরা বুধবার আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায়। পাশাপাশি একটি বিক্ষোভ মিছিলেও পা মেলান ক্ষুব্ধ আইনজীবীরা।

তাদের অভিযোগ, দীর্ঘ প্রায় একবছর সময় ধরে এই গুরুত্বপূর্ণ এজলাসে স্থায়ী বিচারক নেই। সেই কারণে মামলার গতি পুরোপুরি রুদ্ধ হয়ে গিয়েছে। বিচারব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন অভিযুক্ত ও মামলাকারীরা। অবিলম্বে এই কোর্টের বিচারকের আসন পূরণের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদালতে পকসো ছাড়াও সেশন মামলাও চলে, ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আগামীতে আমাদের এই আন্দোলন আরও সুসংগঠিতভাবে চলবে। যতদিন না পর্যন্ত এর সুরাহা হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও হুমকি দিয়েছেন তারা।

যদি এই ব্যাপারে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ ওই কোর্টে বিচারক না থাকায় চরম সমস্যার সৃষ্টি হচ্ছে।আমরা চাই অবিলম্বে ওই চেয়ারে স্থায়ী বিচারক বসে নির্দিষ্ট মামলাগুলির গতি ত্বরান্বিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *