আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ অক্টোবর:
ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া থানা চত্বর। গত ২৪ অক্টোবর ঘটনার সূত্রপাত। ওই দিন সন্ধেতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় ভাটপাড়া থানার কাঁকিনাড়া আর্যসমাজ গোয়ালা পাড়ার বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী সাবানা পারভিন। পরদিন অর্থাৎ ২৫ অক্টোবর কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনের মাঝে ২৮ নম্বর রেলগেটের কাছ থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
যদিও মৃতার পরিবারের তরফে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে মৃতের পরিবারের অভিযোগ। আর এই অভিযোগ তুলেই বুধবার বিকেলে দীর্ঘক্ষণ ভাটপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পুলিশ মৃদু লাঠিচার্জ করে উতপ্ত পরিস্থিতির সামাল দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, মৃত সাবানা পারভিনকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয় তারা। এদিন মৃতের আত্মীয়রা দাবি করেন, “আমাদের মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। আর পুলিশ কোনও ভাবেই সেই অপরাধীদের খুঁজে বার করছে না। তাই আমরা আজ প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।” এরপর পুলিশ এই বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে ও মৃদু লাঠি চার্জ করে আন্দোলকারীদের হটিয়ে দেয়।

