জঙ্গিপুর মসজিদের সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হল প্রতিবাদীদের, আহত ৫

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ মে: জঙ্গিপুর মসজিদের সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হল প্রতিবাদীদের। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ার এলাকায়। এই ঘটনায় মোট পাঁচ জন আহত হয়।এরপর তাদের তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সোমবার রাতে কয়েকজন যুবক মসজিদের সামনে বাজি ফাটাচ্ছিল। এরই প্রতিবাদ করে জাইদুর সেখ নামে এক ব্যক্তি। অভিযোগ, এরপরই জাইদুরের দিকে তেড়ে এসে বেধড়ক মারধর করা হয় এবং হাঁসুয়া দিয়ে কোপানো হয়। জাইদুরকে তার ভাইপো বাইদুর বাঁচাতে এলে তাকেও কোপানো হয়। এছাড়াও জাইদুরের আত্মীয়দেরও হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট পাঁচ জন জখম হয়।এরপর তাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই এলাকারই বাসিন্দা ইশা, জিয়া, সাবির, গুলসান, আলা, মাজাহার, মোতাহার সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে জাইদুর সেখ নামে ওই প্রতিবাদী প্রৌঢ়। গোটা এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। খবর দেওয়া হয়েছে রঘুনাথগঞ্জ থানায়। তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *