জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি:
ঝাড়গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। বৃহস্পতিবার দলের জেলা কার্যালয়ে কিছু দলীয় কর্মী গিয়ে ভেতরে থাকা সবাইকে বের করে দিয়ে মূল গেটে তালা ঝুলিয়ে দেয়।
গত ২৫শে জানুয়ারি ঝাড়গ্রাম জেলার নতুন কমিটি ঘোষণা হওয়ার পরই কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নতুন কমিটিতে অনেক পুরনো কর্মীকেই বাদ দেওয়া হয়েছেl এমনকি যারা গত বিধানসভায় প্রার্থী হয়েছিলেন তাদেরও কমিটিতে রাখা হয়নি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের মন্তব্য করে থাকেন বাদ পড়া নেতাকর্মীরাl গতকাল বুধবার রাতে জেলা বিজেপি কার্যালয় ভাঙ্গচুর করা হয় এবং বর্তমান জেলা সভাপতি তুফান মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখান।
দলীয় কর্মীরা অভিযোগ করেন, নতুন যে জেলা কমিটি তৈরি হয়েছে তাতে বর্তমান সভাপতি তুফান মাহাতোর ঘনিষ্ঠদেরই রাখা হয়েছেl যারা কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের কাউকে কমিটিতে জায়গা দেওয়া হয়নিl তুফান মাহাতোকে মেরুদণ্ডহীন সভাপতি বলেছেন দলের কর্মীরা।

বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ে তালা লাগানোর পর সেখানে উপস্থিত হন প্রাক্তন সভাপতি সুখময় সথপতি। সুখময়বাবু বর্তমানে রাজ্য কমিটির সদস্য এবং গত বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে প্রার্থী হয়েছিলেনl কর্মী বিক্ষোভের সময় তিনি কার্যালয়ে আসেন এবং জেলা সভাপতির সঙ্গে কথা বলে কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধান করা হবে বলে কর্মীদের আশ্বস্ত করেনl আশ্বাস পাওয়ার পর বিক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ের তালা খুলে দেন।

