BJP, Ranaghat, প্রার্থী বদলের দাবি, রানাঘাটে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০
মার্চ: নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার অসীম কুমার বিশ্বাসকে মেনে নিতে পারছেন না দলের কর্মী, সমর্থকদের একাংশ। দলের একাংশের অভিযোগ বিজেপি যে ডাঃ অসীম কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে সে বিজেপির কোনো কর্মী নন। প্রার্থী বদল করতে হবে, এই দাবিতে রানাঘাট জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান কর্মীরা।

ভারতীয় জনতা পার্টির রানাঘাট দক্ষিণ বিধানসভার তিন নম্বর মন্ডলের আইটি সেল- এর কনভেনার শুভঙ্কর বিশ্বাস অভিযোগ করেন যে, ডঃ অসীম কুমার বিশ্বাসের ডঃ ডিগ্রিটা ভুয়ো। পাশাপাশি তাঁর আরও দাবি, ডঃ অসীম কুমার বিশ্বাস জাল ওষুধের ব্যবসা করতেন। অভিযোগ, বিগত দিনের প্রশাসন ঐ সমস্ত ওষুধের ব্যবসা তার দোকানে গিয়ে বন্ধ করে দিয়ে এসেছিল। অভিযোগ, ডঃ অসীম কুমার বিশ্বাস একজন পক্সো কেসের আসামী। তাই এই ধরনের প্রার্থীকে আমরা মেনে নিতে পারছি না। এছাড়াও তিনি অভিযোগ করেন যে, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং বর্তমানে নদীয়া দক্ষিণের জেলা সভাপতি অপর্ণা নদী লক্ষ লক্ষ টাকা খেয়ে ওনাকে প্রার্থী করেছেন। উনি কোনদিনও বিজেপি করেননি। আমরা ওনাকে ছাড়া যে কোনো ভূমিপুত্র’কে মেনে নেব।

নদিয়া সাংগঠনিক জেলার রানাঘাট জেলার এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বাপ্পাদিত্য ঘোষের অভিযোগ, গত দু’দিন আগে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রার্থী হিসেবে যে ডঃ অসীম কুমার বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে প্রথমত, তার কাছে কোন ডঃ ডিগ্রী নেই। দ্বিতীয়ত, ইনি একজন জালি ডাক্তার। উনি জাল ওষুধের ব্যবসা করেন। পক্সো কেসের মামলায় তিনি অভিযুক্ত। এছাড়া সাংগঠনিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে তিনি কোনদিনও কোনো পদে ছিলেন না। ভারতীয় জনতা পার্টি দলটিও তিনি করতেন না। উনি একজন তৃণমূলের দালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *